রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালুর প্রত্যাশা বুলবুলের

ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রবিবার সকাল ১০ টার দিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তিতে দেশব্যাপী অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে তিনি রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালুর ঘোষণা দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেটকে সামনের দিকে দেখতে চাই। এটা একটা লঞ্চ প্যাড হিসেবে দেখলাম বাংলাদেশের মানুষ- বিশেষ করে গতকাল খুলনায়, আজকে রাজশাহীতে মানুষ স্বতস্ফূর্তভাবে টেস্ট ক্রিকেটকে স্বাগত জানাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ অলরেডি ফুল মেম্বার। ২৫ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে। আমরা এই আয়োজন সবসময় করতে চাই। এটা একটা অংশ।’

আইসিসির ক্রিকেট ডেভলপমেন্টে কাজ করা বুলবুল দেশজুড়ে ক্রিকেট ছড়িয়ে দিতে চান, ‘আপনারা জানেন যে, ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি। সব জায়গাতে ক্রিকেট ছড়িয়ে দিতে চাচ্ছি। কীভাবে এখানে আরও বেশি ক্রিকেট খেলা হতে পারে, কীভাবে রাজশাহী থেকে জাতীয় দলে খেলোয়াড়েরা যুক্ত হতে পারেন। কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে আপনারা সাহায্য করতে পারেন। সে বিষয়ে আমরা আলোচনা করব।’

বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে বিসিবি বিভাগীয় শহরগুলোতে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতা এবং আনন্দ আয়োজনের উদ্যোগ নিয়েছে। বুলবুল আরও বলেন, ‘দেখছেন যে এই গ্রাউন্ডস এত সুন্দর, এমন আউটফিল্ড কিন্তু অনেক দেশে নেই। উইকেট এত সুন্দর নেই। এখানে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব ভাই এখানে আছেন, দেশব্যাপী যদি আমরা এ রকম ফ্যাসিলিটিজ তৈরি করতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আউটফিল্ড বের হয়ে আসবে।’