বৈষম্যবিরোধী আন্দোলন

মহিপালে গুলিতে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় একটি মামলা করেছেন ফেনীর দাগনভূঞার জামসেদুর আলম নামে এক ব্যক্তি।

গত শুক্রবার রাতে ফেনী মডেল থানায় তিনি বাদী হয়ে ১৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ১০০ জনকে আসামি করে মামলা করেন। মামলার বিষয়টি গত শনিবার রাতে জানাজানি হয়।

মামলায় অন্যদের মধ্যে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী জামসেদুর আলম দাগনভূঞা উপজেলার সমাসপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি ৪ আগস্ট মহিপাল ফ্লাইওভারের নিচে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন। এ সময় আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে মৃত ভেবে গুলিবিদ্ধ অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করান। বাদীর উল্লেখ করেন, চিকিৎসা ও কাজের ব্যস্ততার কারণে মামলা করতে দেরি হয়েছে। ফেনী মডেল থানার ওসি মো. সামসুজ্জামান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।