শরীয়তপুরের নড়িয়া বাজারের পাশে কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট ওভারব্রিজ বাল্কহেডের ধাক্কায় নদীতে ভেঙে পড়েছে। গতকাল সোমবার সকালে এই ঘটনা ঘটে। এর আগে গত বছরের ২ অক্টোবর ওই ওভারব্রিজের পিলারে বাল্কহেডের ধাক্কায় ব্রিজের একাংশ ভেঙে পড়ে। এলজিইডি ঝুঁকিপূর্ণ ওভারব্রিজটি অপসারণ না করায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা জানান, বাল্কহেডটি সকাল সাড়ে ৬টার দিকে নড়িয়া থেকে কীর্তিনাশা নদী হয়ে শরীয়তপুর সদরে যাওয়ার পথে নির্মাণাধীন ফুট ওভারব্রিজের পিলারে ধাক্কা দেয়। এ সময় ওভারব্রিজের বাকি অংশটুকু ভেঙে পড়ে নদীতে তলিয়ে যায়।
জেলা এলজিইডি সূত্রে জানা যায়, ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে গত বছরের মে মাসে ১০০ মিটার একটি ফুট ওভারব্রিজের কাজ শুরু হলেও শেষ করতে পারেনি এলজিইডি। ফুট ওভারব্রিজের দক্ষিণ পাশে নড়িয়া-জাজিরা সড়কে দীর্ঘদিন ধরে ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর কাজ চলমান রয়েছে। এ কারণে চারটি ট্রলার দিয়ে মানুষ নদী পারাপার হন। এতে দুর্ভোগের কারণে মানুষের হেঁটে পারাপারের জন্য ফুট ওভারব্রিজটি নির্মাণ করা হচ্ছিল।
তবে এ বিষয়ে জানতে চাইলে এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী এসএম রাফেউল ইসলাম ও নড়িয়া উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান বক্তব্য দিতে রাজী হননি।
এ ব্যাপারে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাল্কহেডের ধাক্কায় ফুট ওভারব্রিজটি নদীতে ভেঙে পড়ার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওভারব্রিজের ভেঙে পড়া অংশ ও ঝুঁকিপূর্ণ অংশগুলো সরিয়ে নিচ্ছে এলজিইডি।