ব্রাহ্মণবাড়িয়ার ৯টি থানার মধ্যে পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তিনজন ইন্সপেক্টরকে (পরিদর্শক) একযোগে বদলি করা হয়েছে।
গত রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের জনস্বার্থে বদলির কথা উল্লেখ করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, বাঞ্ছারামপুর, সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর ও নবীনগর থানার ওসিকে বদলি করা হয়েছে। বাঞ্ছারামপুরের ওসি মোরশেদুল আলমকে সরাইল থানা ও নাসিরনগরের ওসি মো. খাইরুল আলমকে আশুগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান ও আশুগঞ্জের ওসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর কোর্টের পরিদর্শক এবং নবীগরের ওসি আব্দুর রাজ্জাককে ডিএসবির পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
একই আদেশে পুলিশ লাইনসে থাকা পরিদর্শক মুহাম্মদ আজহারুল ইসলামকে নাসিরনগর থানার ওসি, নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খানকে বাঞ্ছারামপুর থানার ওসি ও আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনূর ইসলামকে নবীনগর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার এহতেশামুল হক জানান, জনস্বার্থে ও কর্মের যোগ্যতার ভিত্তিতে এই রদবদল করা হয়েছে।