বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রির আলোচিত মডেল ও অভিনেত্রী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার বাবা মাহমুদ হাসান চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৩ জুন) সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পিয়া জান্নাতুলের ভেরিফায়েড ফেসবুক পেজে তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। তার ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ‘সোমবার (২৩ জুন) বিকেল ৫টায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহমুদ হাসান চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার তার গলব্লাডারের অপারেশন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।’
পিয়ার সহকর্মীরা জানান, মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টায় খুলনা শহরের শামসুর রাহমান রোডে মরহুমের বাসভবনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে পিয়া জান্নাতুলের বাবার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।