ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনে চট্টগ্রাম আসবেন রাষ্ট্রদূত ইউসুফ রামাদান

ফিলিস্তনবাসীর সংগ্রামের পক্ষে জনমত গঠনে শিগগির চট্টগ্রাম সফর করবেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। এখানে পেশাজীবী, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। 

চট্টগ্রামের জনগনকে ফিলিস্তিনের সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত করতে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেন রাষ্ট্রদূত।

সোমবার (২৪ জুন) রাতে রাজধানীর বারিধারায় রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে চসিক মেয়রের সৌজন্য সাক্ষাত হয়। এসময় মেয়র শাহাদাত ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার শিকার নিরীহ মুসলিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

সাক্ষাৎকালে মেয়র বলেন, ‘ফিলিস্তিনের নিরীহ জনগণ দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েলি বাহিনীর জুলুম, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে আসছে। একজন মানবিক নাগরিক এবং জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি, এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এসময় চট্টগ্রামের জনগণকে ফিলিস্তিনের সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত করতে রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানান মেয়র।’

তিনি বলেন, ‘আমি চাই, চট্টগ্রামের মানুষ সরাসরি ফিলিস্তিনের মানুষের কষ্ট এবং সংগ্রামের কথা জানুক। রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদলকে নিয়ে চট্টগ্রামে একটি জনমত গঠনের কর্মসূচি  আয়োজন করার কথা জানান তিনি।’

রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান মেয়রের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পাশে থেকেছে। মেয়রের এই উদারতা আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক।’

সভায় সিদ্ধান্ত হয়, রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদল শিগগিরই চট্টগ্রাম সফর করবেন এবং সেখানে পেশাজীবী, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। মেয়র আশা প্রকাশ করেন, ফিলিস্তিন ও বাংলাদেশের বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব ভবিষ্যতেও অটুট থাকবে।