নকশা বর্হিভূতভাবে ভবন নির্মাণের দায়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সিডিএ থেকে অনুমোদিত নকশা অনুযায়ী এসব ভবন গড়ে তোলা হচ্ছিল না। সিডিএ থেকে নোটিশ দিলেও ভবন মালিকরা তা না মেনে নিজেদের ইচ্ছেমতো ভবন নির্মাণ করছিল। মঙ্গলবার (২৪ জুন) এমন ১২টি নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা আদায়ের পাশাপাশি দুটি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়।
সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে নগরীর নন্দনকানন, জামালখান ও আসকারদীঘি এলাকায় পরিচালিত অভিযান প্রসঙ্গে জানতে চাইলে অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন দেশ রূপান্তরকে বলেন,‘নকশা বর্হিভূত এসব ভবনের বিরুদ্ধে সিডিএ’র পক্ষ থেকে নোটিশ করা হয়েছিল। নোটিশে সিডিএ’র অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করতে বলা হয়েছিল। কিন্তু ভবন মালিকরা নোটিশ মেনে চলেনি। তাই মোবাইল কোর্টের মাধ্যমে এসব ভবনে উচ্ছেদ অভিযান চালিয়ে নকশা বর্হিভূত অংশ ভেঙ্গে দেয়া হয়।’
তিনি আরও বলেন, দুটি ভবনের প্রতিনিধি স্পটে না থাকায় ভবন দুটিকে সিলগালা করে দেয়া হয়। এছাড়া নকশা লঙ্ঘনের দায়ে ভবনগুলো থেকে ১৬ লাখ টাকা জরিমানাও আদায় করা হয়।
এদিকে উচ্ছেদ অভিযানে দুই প্লাটুন পুলিশ, সহকারী অথরাইজড অফিসার মো. ওসমান ও মো. হামিদুল হকসহ সিডিএ’র অন্যান্যা কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।