চুয়াডাঙ্গার দর্শনা স্টেশনে ঢাকাগামী সুন্দরবন ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত দর্শনা রেলস্টেশনে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থামিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীরা জানান, ঢাকা-খুলনার মধ্যে চলাচলকারী সব কটি ট্রেন দর্শনা স্টেশনে দিনের বেলায় স্টপেজ দিলেও রাতের বেলায় সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না। এতে দর্শনা ও আশপাশের এলাকার মানুষের রাতের বেলায় চরম ভোগান্তিতে পড়তে হয়। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও সমাধান মেলেনি।
অবরোধের খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র ও দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর সেখানে এসে আন্দোলনকারীদের আশ্বাস দিলেও কাজ হয়নি। বিকেলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর রেললাইন থেকে সরে যান বিক্ষোভকারীরা।