টপ কিংবা মিডল অর্ডাররা ব্যর্থ হয়েছিলেন গত দিনেই। ৮ উইকেটে ২২০ রানে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশের উপর প্রত্যাশাও ছিল না বেশি। তবুও ছোট্ট একটি ক্যামিও ইনিংস খেললেন তাইজুল। তাতে সংগ্রহটা গিয়ে ঠেকলো ২৪৭ রানে। শুনতে অদ্ভুত শোনালেও সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে প্রথম ইনিংসে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। আর সবমিলিয়ে তৃতীয় সর্বোচ্চ।
তৃতীয় ওভারে প্রথম আঘাতটি হানেন আসিথা ফার্নান্দো। তার সোজাসাপ্টা ডেলিভারিতে ব্যাট ছোঁয়াতে না পেরে লেগ বিফোরের ফাঁদে পড়েন এবাদত হোসেন। ১৩ বলে তিনি করেন ৮ রান। এর পর ক্রিজে আসা নাহিদ রানার দায়িত্ব ছিল নিজের উইকেট বাঁচিয়ে রাখা। ৭ বল খেলে রান না করলেও দায়িত্ব পালন করেছেন তিনি।
অন্যপ্রান্তে হাত খোলেন তাইজুল ইসলাম। ওভারের শেষ বলে সিঙ্গেল নেওয়ার পাশাপাশি বাউন্ডারি মারতে থাকেন সুযোগ পেলেই। আউটও হন ওই উদ্দেশ্যে ব্যাট চালিয়েই। সোনাল দিনুশার তৃতীয় শিকার হওয়ার আগে ৬০ বল খেলা তাইজুলের নামের পাশে রান ৩৩। তাতে ৫টি চারের মার। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট সোনাল ও আসিথার।