ব্রাজিলের চার ক্লাব পরের রাউন্ডে, বিদায় আর্জেন্টিনার দুই ক্লাবের

ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ ‘ই’র ম্যাচে ইন্তার মিলান ২-০ ব্যবধানে হারিয়েছে রিভার প্লেটকে। এই জয়ের মাধ্যমে সিরি-আ জায়ান্টরা গ্রুপ পর্বে শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। অন্যদিকে হার দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনার ক্লাবটি। আসরে ব্রাজিলের চারটি ক্লাবই শেষ ষোলো নিশ্চিত করলেও ছিটকে গেলো আর্জেন্টিনার দুই ক্লাব।

বুধবার রাতে সিয়াটলের লুমেন ফিল্ডে ম্যাচের ৭২তম মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন ১৯ বছর বয়সী ইতালিয়ান তরুণ ফ্রানসেসকো পিও এসপোসিতো। ২০২৪-২৫ মৌসুমে স্পেজিয়ার হয়ে সিরি বি-তে ১৯ গোল করে নজর কেড়েছিলেন এই তরুণ স্ট্রাইকার। এবার ইন্তারের হয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করে নিজের জাত চেনালেন।

রিভার প্লেট ভালো খেললেও নিজেদের ভুলেই ম্যাচ থেকে ছিটকে পড়ে। ৬৫তম মিনিটে সেন্টারব্যাক লুকাস মার্তিনেজ কোয়ার্তার লাল কার্ডে রিভার দশজনের দলে পরিণত হয়। সেই সংখ্যাগত সুবিধাকে কাজে লাগিয়ে ইন্তার সাত মিনিট পরেই গোলের দেখা পায়।

স্টপেজ টাইমে আলেসান্দ্রো বাস্তোনি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে ইন্তারের হয়ে দ্বিতীয় গোলটি করেন। নিশ্চিত করেন জয় ও তিন পয়েন্ট। কয়েক মিনিট পরই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গনজালো মন্টিয়েল। ফলে ম্যাচের শেষটা নয়জন খেলোয়াড় নিয়ে শেষ করতে হয় রিভারকে।

ম্যাচ শেষে উত্তেজনা চরমে ওঠে, যখন রিভারের মার্কোস অ্যাকুনা ইন্তারের ডেনজেল ডামফ্রিসের দিকে তেড়ে যান। সতীর্থরা অ্যাকুনাকে ধরে ফেলেন। আর ডামফ্রিসকে দ্রুত মাঠ থেকে বের করে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাটি আর বড় কোনো পরিণতি ডেকে আনেনি।

এই জয়ের ফলে ইন্তার মিলান রাউন্ড অব ১৬-এ মুখোমুখি হবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের। গ্রুপ ই থেকে অপর দল হিসেবে নকআউট পর্বে উঠেছে মেক্সিকোর ক্লাব সিএফ মনটেরে, যারা খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।