মুন্সীগঞ্জে ট্রলার ডুবে বৃদ্ধ নিখোঁজ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে বাদামবোঝাই ট্রলারডুবিতে আবদুল মজিদ খাঁ (৬৮) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে জেলার লৌহজং উপজেলার যশলদিয়া মাঝেরচর গ্রামসংলগ্ন পদ্মায় ট্রলারডুবির ঘটনা ঘটে। নিখোঁজ আবদুল মজিদের বাড়ি উপজেলার যশলদিয়া গ্রামে। তিনি যশলদিয়া উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত মালী।

যশলদিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে যশলদিয়া বাজার থেকে বাদামভর্তি বস্তা বোঝাই করে ১১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ফরিদপুরের মাতবরচর হাটের উদ্দেশে রওনা দেয়। পথে যশলদিয়া মাঝেরচর গ্রামসংলগ্ন পদ্মায় তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্য ট্রলারযোগে ১০ জন তীরে আসতে সক্ষম হলেও স্রোতে ভেসে যান বৃদ্ধ মজিদ।

বাংলাদেশ কোস্ট গার্ডের মাওয়াস্থ পদ্মা কম্পোজিট স্টেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, কোস্ট গার্ড খবর পেয়ে সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলের পদ্মা নদীতে ডুবুরি দল নিয়ে উদ্ধার তৎপরতা চালান। তবে তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে উদ্ধার তৎপরতায় তাদের বেগ পেতে হয়। দুপুর ১টা পর্যন্ত বৃদ্ধের সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।