প্রধান শিক্ষকের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় প্রকাশ্যে স্কুলের সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। গত বুধবার বিকেলে বিভিন্ন শ্রেণির সরকারি বই হকারের কাছে বিক্রি করতে গেলে স্থানীয়দের কাছে হাতেনাতে ধরা পড়েন স্কুলের সহকারী শিক্ষক কাশেম।

এ বিষয়ে কাশেম বলেন, প্রধান শিক্ষক বশির আহমেদের কথামতো বই বিক্রির জন্য হকারকে ডাকি। এখানে প্রধান শিক্ষক ছাড়াও স্কুলের অনেক শিক্ষক বই বিক্রি সম্পর্কে জানেন।

তবে, প্রধান শিক্ষক বশির আহমেদ বিষয়টি অস্বীকার করে বলেন, আমি এই বিষয়ে অবগত ছিলাম না। পরে জানতে পারি কয়েক শিক্ষক মিলে পুরনো বই বিক্রি করার জন্য হকার ডেকেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা কাশেম স্যারকে দেখেছি হকারকে কল দিতে। হকার প্রায় ২০০-২৫০ কেজির মতো বই মেপেও ছিল। কিন্তু সবার সহযোগিতায় ওনারা ধরা পড়ে যান। এখানে প্রায় ১ টনের মতো বই ছিল।

এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আলম বলেন, সরকারি বই বিক্রি করা নিষিদ্ধ এবং অবৈধ। বিষয়টি নিয়ে শিগগির চিঠি ইস্যু করে বই বিক্রির সঙ্গে সম্পৃক্ত সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, এটা অত্যন্ত নিন্দনীয় কাজ, আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে যথাযথ আইনননুগ ব্যবস্থা নেব।