নড়াইলে বজ্রপাতে মিঠুন বিশ্বাস ওরফে মিঠু (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মিঠু নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে। এ ছাড়া পৃথক বজ্রপাতে আরও দুজন নারী আহত হয়েছেন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি সাজেদুল ইসলাম বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বজ্রপাতের সময় মিঠু তাদের বাড়ির পাশে জমি থেকে গরুর জন্য ঘাস কাটছিলেন। বজ্রপাতে মিঠুর শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা মিঠুকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেলী জামান জানান, মিঠু নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বজ্রপাতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।