শিবচরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে একটি ভাড়াবাসা থেকে ২২ বছর বয়সী গৃহবধূ জমিলা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শিবচর থানার পেছনের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জমিলা শিবচর পৌরসভার সিবরায়েরকান্দি এলাকার সোনামিয়া মাদবরের মেয়ে। তিনি রাজবাড়ী সদর থানার কাছারীপাড়া এলাকার ভ্যানচালক মোস্তফা ওরফে মুসা মুন্সির স্ত্রী। এই দম্পতির দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রেমের সম্পর্ক থেকে তিন বছর আগে মাদারীপুরের এই গৃহবধূর সঙ্গে বিয়ে হয় মুসা মুন্সির। ঘটনার দিন সকালেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তর্ক হয়। পরে মুসা সন্ধ্যায় ভ্যান নিয়ে বাইরে চলে যান। রাত ৮টার দিকে ঘরে ফিরে স্ত্রীকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জমিলার পরিবারের অভিযোগ, তার স্বামী মুসা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাদের দাবি, পারিবারিক দ্বন্দ্বে আগেও অনেকবার কলহ হয়েছে এবং এবার তা চরমে পৌঁছেছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

অন্যদিকে, স্বামী মুসা মুন্সির ভাষ্য অনুযায়ী, তিনি ঋণে জর্জরিত ছিলেন এবং নিজ এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এ নিয়ে সন্ধ্যায় ভ্যান বিক্রি করতে চাইলে স্ত্রীর সঙ্গে আবারও কথাকাটাকাটি হয়। তিনি ঘর থেকে বের হলে, জমিলা ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন বলে দাবি করেন তিনি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, প্রাথমিকভাবে ঘরের দরজা ভেঙে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং তার স্বামীকে থানায় আটক রাখা হয়েছে।