রাজশাহী কলেজের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ইশরাত জাহান হাসি কলেজের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্রী। গতকাল শুক্রবার সকালে নগরীর হেতমখাঁ কাস্টমস অফিস মোড়ের একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় রাজশাহী কলেজের ছাত্র নাহিদকে মেসের নিচ থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে কারাগারে পাঠানো হয়েছে। নাহিদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতেই হাসি আত্মহত্যা করে।
নিহতের বাড়ি নাটোরের বনপাড়া থানায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর বিশ্বাস তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেডিকেলে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের তদন্তে উঠে এসেছে, নাহিদের সঙ্গে হাসির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত রমজান মাসের পর থেকে তাদের মধ্যে মনোমালিন্য হয়। হাসি সম্পর্ক বজায় রাখতে চাইলেও নাহিদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। এরই সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে হাসি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, ‘আটকের পর জিজ্ঞাসাবাদে নাহিদ স্বীকার করেছেন যে মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নাহিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’