বাগেরহাটের মোল্লাহাট থেকে চারটি বিদেশি পিস্তল, গুলিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতুর টোলপ্লাজায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র-গুলিসহ তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার সকালে ডিবি পুলিশের এসআই বিপ্লব কুমার রায় বাদী হয়ে অস্ত্র আইনে ওই ১১ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় একটি মামলা করেছেন।
আসামিরা হলেন, কাউসার আলী (৪৩), আতাউর রহমান (৩০), আবুল হোসেন (৪৩), ইমদাদুল হক (৩১), মাসুম পারভেজ (২২), জনি মিয়া (২৭), আতাউর রহমান (৩০), খোকন বিশ^াস (৪৫), সেলিম শাহ (৩১), খোকন মিয়া (৩৫) এবং প্রসেনজিৎ দাস (২৮)।
বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, ‘পুলিশের কাছে গোপন সংবাদ আসে ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসে কিছু লোক অস্ত্রসহ বাগেরহাটের ওপর দিয়ে যাচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতুর টোলপ্লাজায় অবস্থান নেয়। ওই মাইক্রোবাসটি সেখানে পৌঁছলে ডিবি পুলিশ তাদের গতিরোধ করে তাতে তল্লাশি চালিয়ে প্রথমে ১১ জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে চারটি চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৯টি তাজা গুলি উদ্ধার করা হয়। এই ব্যক্তিরা কোথায় কী ধরনের অপরাধ সংঘটিত করতে যাচ্ছিল তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’