সাবেক সিইসি নুরুল হুদার ফের ৪ দিনের রিমান্ড

রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ফের চার দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ এই আদেশ দেন।

ঢাকার সিএমএম আদালতে গতকাল শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক এই সিইসিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর আগে রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য নূরুল হুদাকে গতকাল বেলা আড়াইটার পর আদালতে আনা হয়।

গত ২৩ জুন একই মামলায় চার দিনের রিমান্ডে পাঠায় আদালত। সেই রিমান্ড শেষ হলে গতকাল ফের আদালতে আনা হয়।

নথি থেকে জানা গেছে, গত ২২ জুন ২৪ জনের নাম উল্লেখ করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খান।

মামলায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নূরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়।

গত রবিবার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিন স্থানীয় জনগণ তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। সামাজিক  যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নুরুল হুদাকে আটক করে জুতার মালা পরিয়ে দিচ্ছিল বিক্ষুব্ধ জনতা।