'কৌশলগত প্রতিভায় এগিয়ে কিছু ফুটবলার পেয়েছি'

নেক্সট গ্লোবাল স্টার, অর্থাৎ জামালদের দেখানো পথে, হামজা-শমিতদের মতো আগামীতে কারা গায়ে তুলবেন লাল-সবুজ জার্সিটি! সেই লক্ষ্যেই আজ থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হয় বাছাই। ৪৮ জন ফুটবলারকে নিয়ে সকাল ও বিকেল দুই সেশনে শেষ হয় প্রথম দিনের কার্যক্রম। যা চলবে আরও দুদিন।

ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ এই ট্রায়ালের সমন্বয়ক হিসেবে কাজ করছেন। প্রথম দিনের কার্যক্রম নিয়ে তিনি জানান, ‘আজ দুই সেশন মিলিয়ে প্রায় পঞ্চাশজন ফুটবলারদের সামগ্রিক একটি অবস্থা আমরা দেখতে পেয়েছি। মাত্র এক সেশনে প্রতেক্যের প্রতিভা বিচার করাটা কঠিন। তবে আমরা উৎফুল্ল, কেননা খেলোয়াড়দের মনোভাব খুব ভালো। সবাই এখানে নিজেকে প্রমাণের জন্য কঠিন পরিশ্রম করছে, তাদের মানসিকতা ইতিবাচক। কৌশলগত প্রতিভায় এগিয়ে আছে এমন কিছু ফুটবলার আমরা পেয়েছি। ওদেরকে আরেকটু মূল্যায়ন করারর পরে আমরা আরো পরিস্কার চিত্র পাবো। আর বড় বিষয়, খেলোয়াড় থেকে শুরু করে কোচরাও এই প্রোগ্রামটি খুব উপভোগ করছেন। মনে হয়, আমরা দেশের জন্য ভালো একটি প্রোগ্রাম শুরু করতে পেরেছি।’

দেশের প্রাক্তন জাতীয় ফুটবলার ও মোহামেডানের গোলরক্ষক কোচ সাঈদ হাসান কানন দেখেছেন প্রবাস থেকে ট্রায়ালে আসা প্রায় পঞ্চাশ ফুটবলারকে। বলেন, ‘একদিন দেখে মন্তব্য করাটা কঠিন। সবাই লম্বা সফর করে এসেছে, আবহাওয়াও গরম ছিল। তারপরও অধিকাংশের ফুটবল বোধ অনেক ভালো। ফিটনেসের দিক থেকে কিছুটা ঘাটতি রয়েছে। আমার মনে হয়েছে সামনে ভালো সম্ভাবনা আছে। এদের আরেকটু সময় দিতে হবে।’