যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তিতে অগ্রগতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক শুল্ক চুক্তি চূড়ান্ত করতে সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার ওয়াশিংটনে দুদেশের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।

বৈঠক শেষে ড. খলিলুর রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। উভয়পক্ষই দ্রুত সময়ের মধ্যে চুক্তিটি চূড়ান্ত করতে আগ্রহী।’

সূত্র জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অতিরিক্ত ৩৭ শতাংশ শুল্ক থেকে বাংলাদেশি পণ্যকে রেহাই দিতে একটি দ্বিপক্ষীয় চুক্তির খসড়া প্রস্তুত করেছে ট্রাম্প প্রশাসন। সেই খসড়া পর্যালোচনা করে বাংলাদেশ ইতিমধ্যে মতামত ওয়াশিংটনে পাঠিয়েছে।

এর ভিত্তিতেই বৃহস্পতিবারের বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা অব্যাহত রেখে আজ রবিবার আরেক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। চূড়ান্ত বৈঠকে চুক্তির খসড়া অনুমোদনের সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

গত ২ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হ্রাসে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন। বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে অতিরিক্ত ৩৭ শতাংশ শুল্ক কার্যকর করা হয়। তবে ৯ এপ্রিল এসব শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়েছিল, যার মেয়াদ শেষ হবে ৮ জুলাই।

চুক্তি স্বাক্ষর হলে বাংলাদেশের রপ্তানি খাতে নতুন করে চাপ এড়ানো সম্ভব হবে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। যদিও সব দেশের জন্য ন্যূনতম ১০ শতাংশ শুল্ক অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।