এশিয়া কাপে অভিষেকের অপেক্ষায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী হকি দল

বাংলাদেশের হকি ইতিহাসে নতুন এক অধ্যায় রচিত হতে যাচ্ছে। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে অংশ নিতে যাচ্ছে দেশের নারী হকি দল। আগামী ৩ থেকে ১৪ জুলাই চীনের দাজৌ শহরে অনুষ্ঠিতব্য ‘উইমেন’স অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ ২০২৫’-এই হচ্ছে এই ঐতিহাসিক অভিষেক।

এ উপলক্ষে শনিবার বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি খেলোয়াড়দের উদ্দেশে শৃঙ্খলা, দলগত প্রচেষ্টা ও আত্মনিবেদনের ওপর গুরুত্বারোপ করেন এবং মাঠে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিতে অনুপ্রাণিত করেন।

এশিয়ার দশটি দেশ এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে, যার মধ্যে রয়েছে পাকিস্তান, জাপান, চীন ও মালয়েশিয়ার মতো হকি পরাশক্তিরা। বাংলাদেশের পুরুষ অনূর্ধ্ব-১৮ দল ২০১৬ সালে নিজেদের মাটিতে আয়োজিত আসরে রানার্সআপ হয়েছিল।

নারী দলের এই অভিষেককে ফেডারেশন বিশেষ গুরুত্ব দিচ্ছে। দীর্ঘদিনের অপেক্ষার পর দেশের নারীরা এশিয়ান মঞ্চে নিজেদের জাত চেনানোর সুযোগ পাচ্ছে—এটিকে ইতিবাচক এক সূচনা হিসেবে দেখছে হকি মহল।

এদিকে, সুইজারল্যান্ডের লজানে অনুষ্ঠিত হয়ে গেল অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের ড্র। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ, যাদের রাখা হয়েছে ‘এফ’ গ্রুপে। গ্রুপের শীর্ষ দল ফ্রান্স, যারা গত আসরে রানার্সআপ হয়েছিল। অন্য দুই দল অস্ট্রেলিয়া ও কোরিয়া। র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ রয়েছে চতুর্থ অবস্থানে। ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে মোট ২৪টি দল অংশ নিচ্ছে এবারের জুনিয়র বিশ্বকাপে।

দুইটি ভিন্ন বয়সভিত্তিক আসরে অংশগ্রহণ দেশের হকি অঙ্গনের জন্য বড় প্রাপ্তি। হকি ফেডারেশনের প্রত্যাশা—ছেলেমেয়েরা অভিষেক মঞ্চে সাহসিকতা ও নৈপুণ্যে নিজেদের জানান দেবে।