বয়স হয়ে গেছে, ফর্মটাও আগের মতো নেই। ব্যাটিং কিংবা বোলিং কোনোদিক দিয়েই দলে অবদান রাখতে পারছেন না রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮০০র ওপরে রান করেও পঞ্চম দিনে ম্যাচ হেরেছে ভারত। দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হ্যাডিনের পরামর্শ দিয়েছেন, জাদেজাকে একাদশ থেকে বাদ দেওয়ার।
হেডিংলিতে পুরো ম্যাচে ৪৭ ওভার বোলিং করে ১৭২ রান খরচায় মাত্র এক উইকেট নিয়েছেন জাদেজা। ব্যাটিংয়েও তেমন কিছু করতে পারেননি। প্রথম ইনিংসে ১১ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ২৫ রানে। হ্যাডিন পরামর্শ দিয়েছেন, ফর্মহীন জাদেজাকে বসিয়ে পরবর্তী টেস্টের একাদশে কুলদীপ যাদবকে নেওয়া হোক। কুলদীপ উইকেট শিকারে সিদ্ধহস্ত।
হ্যাডিনের ভাষায়, ‘আমরা কি জাদেজার শেষের শুরু দেখতে পাচ্ছি? তার দক্ষতা ভারতের উইকেটে কার্যকর। ইংল্যান্ডে তার বাঁহাতি স্পিন ব্যাটারদের তেমন সমস্যায় ফেলতে পারছে না। আমার মনে হয় না জাদেজার বোলিংয়ে খুব বেশি উপকৃত হবে ভারত। সে খুবই ভালো অল-রাউন্ডার, তবে সেকেন্ড স্পিনার হিসেবে খেলানো যেতে পারে। তবে আমার মনে হয় ভারতকে আরও আক্রমণাত্বক হতে হবে।’
ভারতকে পরামর্শ দিয়ে হ্যাডিন আরও বলেছেন, ‘অনভিজ্ঞ বোলারদের খেলিয়ে ম্যাচ হারলেও মানসিকতা উচ্চ রাখতে হবে। আমার মনে হয় কুলদীপের সুযোগ পাওয়া উচিত। সে অ্যাটাকিং স্পিনার, উইকেট এনে দিতে পারে। তার বোলিংয়ে বৈচিত্র আছে। যদি নীতিশ রেড্ডি খেলে তাহলে জাদেজার প্রয়োজন নেই। দেশের বাইরে কুলদীপের ওপরই ভারতের আস্থা রাখা উচিত।’