স্বেচ্ছাসেবক দলের নেতা বলে কথা! সদ্য ঘোষিত কমিটিতে পদ পেয়েছেন তিনি। এজন্য তাকে দিতে হবে নতুন উপহার। তাই নেতার গলায় টাকার মালা ঝুলিয়ে আনন্দ মিছিল। আর সেই মুহূর্তটিকে ফেসবুকে দিয়ে আরও বিশেষ করে তুলতে চাইলেন নেতা। তার নাম মো. রাসেল।
শুক্রবার (২৭ জুন) চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার উত্তর পাহাড়তলীর হারবাতলীতে টাকার মালা গলায় ঝুলিয়ে কর্মীদের নিয়ে আনন্দ মিছিল করেন রাসেল। মিছিলের একটি ভিডিও তিনি নিজেই তার ফেসবুকে শেয়ার করেছেন। বেশ, ভাইরাল হয়ে যায় সেটি।
সদ্য ঘোষিত কমিটিতে রাসেল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন। পুলিশ বলছে, এই রাসেল ২০২০ সালের ২০ জুলাই পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অন্তত দুটি মামলা রয়েছে।
অস্ত্রসহ গ্রেপ্তারের বিষয়ে রাসেল সাংবাদিকদের বলেন, ‘আওয়ামীলীগের লোকজন আমাকে ফাঁসিয়ে দিয়েছিলেন। আমি মামলায় খালাস পেয়েছি।'
ফেসবুকে ভাইরাল হওয়া টাকার মালা গলায় ঝুলানো ভিডিওতে দেখা যায়, রাসেলকে ঘিরে ২০/২২ জন অনুসারী স্লোগান দিচ্ছেন। এ সময় একজন অনুসারী ৫০০ টাকার কয়েকটি নোট গেঁথে তৈরি করা একটি মালা রাসেলকে পরিয়ে দেন। এরপর সেটি পরেই আনন্দ মিছিল করেন রাসেল।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এতে ২১ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই কমিটি অনুমোদন করেন। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরের আওতাধীন ১৫ থানার পূর্ণাঙ্গ ও ১২টি ওয়ার্ডের আংশিক আহ্বায়ক কমিটিও অনুমোদন করা হয়।