বরিশাল গিয়ে বুলবুল বললেন ‘আমি লজ্জিত, আমি বিব্রত’

গত কয়েক বছর ধরেই বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইন বলে কিছু নেই। তৃণমূল থেকে ক্রিকেটার উঠে আসার কোনো ব্যবস্থা ছিল না। ঘুরিয়ে ফিরিয়ে চেনা মুখগুলোকেই জাতীয় দলে খেলানো হতো। এই অবস্থা থেকে উত্তরণের জন্য দেশজুড়ে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তারই অংশ হিসেবে আজ রবিবার তিনি বরিশাল গিয়েছিলেন।

টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তি উপলক্ষে সাত বিভাগে ঘুরে বেড়াচ্ছেন বিসিবি সভাপতি। আজ বরিশাল গিয়ে স্থানীয় ক্রিকেটার, সংগঠক ও সাবেক জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। সেখানে ক্রিকেটাররা তাকে জানান, বরিশালে এক যুগ ধরে হয় না! এই কথা শুনে হতবাক হয়ে যান বিসিবি সভাপতি। বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে বুলবুল কথা দিয়ে এসেছেন ভবিষ্যতে সেখানে লিগ শুরু হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, ‘এই মাত্র ক্রিকেটারদের সঙ্গে কথা বললাম। তারা চোখের পানি ফেলে বললো, এখানে কেন লিগ হয় না। এটা আমার জন্য সত্যিই বিব্রতকর। একটু লজ্জা লাগছে। এত ভালোবাসা এত প্রত্যাশা, কতটুকু আমরা পূরণ করতে পারব, কতটুকু ফিরিয়ে দিতে পারব… সেই দায়িত্বটা চলে আসে আরকি। এক যুগ ধরে বরিশালে কোনো ধরনের ক্রিকেট না হওয়া মানে আমরা অন্তত দেড়-দুই হাজার সম্ভাবনাময় ক্রিকেটার হারিয়েছি। এটা আমাদের জন্য বড় দুঃখের।’

একইসঙ্গে অদূর ভবিষ্যতে বরিশালে লিগ আয়োজনের প্রতিশ্রুতিও দিয়েছেন বিসিবি সভাপতি, ‘ভবিষ্যতে এই ভুল আর করব না। আমাদের যতটুকু সামর্থ্য আছে, সেটা কাজে লাগিয়ে বরিশালসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেটের চাকা সচল রাখতে চাই। জেলা ক্রীড়া সংস্থা ও বোর্ড মিলে যেন নিয়মিত লিগ আয়োজন করতে পারে। এখান থেকেই আমরা খেলোয়াড় তুলে আনতে চাই, যারা একদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে। তবে যেহেতু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে, লিগ শুরু করতে কিছুটা সময় লাগবে। আশা করি সবার সহযোগিতা পাব।’