মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী অভিযানে হামলা চালিয়ে ২ পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করার মামলায় ৪ আসামিকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আজ রবিবার দুপুর দেড়টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছে মাদারীপুরের শিবচর উপজেলার বাশকান্দি গ্রামের প্রয়াত দলিল উদ্দিন আকনের ছেলে বাচ্চু মিয়া (৪২), মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ফৈনপুর গ্রামের জালাল ভান্ডারীর ছেলে জাহিদ ভান্ডারী (২৪), জেলার লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের মেঘার ছেলে রাজু (৩০) ও একই গ্রামের প্রয়াত রাঙ্গা মিয়ার ছেলে মো. ফারুক (৩০)। আদালতের বেঞ্চ সহকারী মো. বুলবুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ৮ মে দিবাগত রাত ১২টার দিকে জেলার শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকসা গ্রামের কালী শিকদারের পুকুর পাড়ে রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান চালায় পুলিশের টিম। সেখানে মাদক বিক্রির সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে বাচ্চু মিয়াকে আটক করেন। এ সময় বাচ্চু মিয়া চিৎকার করলে অন্য আরও ৩ জন এগিযে এসে পুলিশের ওপর হামলা চালিয়ে এসআই নুরুল ইসলাম ও কনস্টেবল মো. শহীদুলকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় পরদিন এসআই আল-আমিন সরকার বাদী হয়ে শ্রীনগর থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।