এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে গুলিবর্ষণ

মুন্সীগঞ্জ সদরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় প্রাইভেট কারের যুবকদের সঙ্গে ধস্তাধস্তিতে তিন পুলিশ সদস্য আহত হন। পরে রিভলবার, গুলি, ইয়াবাসহ প্রাইভেট কারে থাকা এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে জেলা সদরের রামপাল কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার যুবকের নাম সাব্বির হোসেন দীপু (২৯)। তিনি নারায়ণগঞ্জের ফুতল্লা উপজেলার মাসদাইর এলাকার হাজি আবুল কালাম তালুকদারের ছেলে। এ সময় প্রাইভেট কারে থাকা অন্য দুই যুবক পালিয়ে সক্ষম হয়। তারা হলেন মুকুল (৩৩) ও শাহাদাত হোসেন (৩৪)।

আহত পুলিশ সদস্যরা হলেন সদরের হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই এমদাদুল হক, কনস্টেবল সাজেদুর রহমান ও কনস্টেবল রবিউল আলম চৌধুরী। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হওয়ার সময় কেন্দ্রের সামনের সড়ক দিয়ে একটি প্রাইভেট কার জেলার টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় যাচ্ছিল। পথে একটি মোটরসাইকেল ওই প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারচালক সাব্বির হোসেন ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল চালকের সঙ্গে বাগবিত-ায় জড়িয়ে পড়েন। এ সময় প্রাইভেট কারের ভেতর থেকে রিভলবার বের করে মোটরসাইকেলচালককে গুলি করার হুমকি দিলে আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। সে সময় পুলিশ সদস্যরা প্রাইভেট কারচালককে ধরতে আসেন। পরে পুলিশ এবং প্রাইভেট কারচালকের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় তিন রাউন্ড গুলিবর্ষণের শব্দ পাওয়া যায়। স্থানীয় লোকজন সাব্বির হোসেন দীপুকে পিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেয়।

আহত পুলিশের এএসআই এমদাদুল হক বলেন, ‘আমরা যখন ওই যুবককে জিজ্ঞাসা করতে সামনে যাই। তখন তিনি আমাদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলিবর্ষণ করেন। আমরা কোনো মতে প্রাণে রক্ষা পাই। এর মধ্যে এক পুলিশ সদস্য পানিতে পড়ে গিয়ে আহত হন।’

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, একটি ২২ বোরের রিভলবার, তিন রাউন্ড গুলির খোসা, দুই রাউন্ড তাজা গুলি ও ৭০ পিস ইয়াবাসহ প্রাইভেট কারের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় ওই যুবকের সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান। তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি থানা হেফাজতে রয়েছে।

ওসি এম সাইফুল আলম বলেন, ‘গ্রেপ্তার সাব্বির হোসেন দীপু একজন দুর্ধর্ষ প্রকৃতির লোক। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে একাধিক অস্ত্র ও মাদকের মামলা রয়েছে।’