বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)-এ প্রথমবারের নোয়াখালী থেকে একটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেওয়ার আগ্রহের কথা জানা গেছে। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান সায়ান গ্লোবালস 'নোয়াখালী রয়্যালস' নামে দলের জন্য আবেদন জমা দিয়েছেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ান গ্লোবালস-এর প্রতিনিধি ও লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল বলেন, 'আমরা আমাদের দিক থেকে পুরোপুরি প্রস্তুত। যেসব ডকুমেন্টেশন দরকার, সেগুলো আমরা তৈরি করে রেখেছি। আশা করি, বিসিবি আমাদের প্রস্তাবটা ইতিবাচকভাবে দেখবে এবং নোয়াখালীর মানুষের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসবে।'
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তাদের কার্যালয় যুক্তরাজ্যের লন্ডনে। শুধু দল নিয়েই থেমে যেতে চায় না তারা, বরং নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের কাঠামোগত উন্নয়নেও কাজ করতে চায় সায়ান গ্লোবালস।
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএলের ১২তম আসর। যদিও এখনো চূড়ান্ত সূচি ঘোষণা হয়নি, তবে বিসিবির আজকের পরিচালনা পর্ষদের সভায় অন্যান্য ইস্যুর পাশাপাশি বিপিএল নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
গত আসরে ফ্র্যাঞ্চাইজির কাঠামোয় বেশ কিছু পরিবর্তন এসেছিল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা ডমিনেটর্স না থাকায় জায়গা নেয় নতুন তিন দল—চিটাগং কিংস, ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী।
তবে সেই আসরেই সবচেয়ে বেশি বিতর্ক হয় পারিশ্রমিকসংক্রান্ত অনিয়ম নিয়ে। বিশেষ করে রাজশাহী দলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা খেলোয়াড়দের প্রাপ্য অর্থ দেয়নি। এমনকি বিদেশি খেলোয়াড়রা শেষ পর্যন্ত বকেয়া পরিশোধ না হওয়ায় ম্যাচে নামতেই রাজি হননি। এক ম্যাচে রাজশাহী দলকে বিদেশি খেলোয়াড় ছাড়াই মাঠে নামতে হয়**, যা বিপিএল ইতিহাসে প্রথম। পরে বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হস্তক্ষেপ করে এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।