জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় ইতিমধ্যে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) সিস্টেম কার্যকর করা হয়েছে। বিএসডব্লিউ মূলত একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা ব্যবহার করে একজন আমদানিকারক-রপ্তানিকারক পণ্য খালাসের জন্য প্রযোজ্য সব ধরনের সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটের (সিএলপি) জন্য অনলাইনে আবেদন করে স্বয়ংক্রিয়ভাবে সিএলপি সংগ্রহ করতে পারবেন। সিএলপি গ্রহণের আগে বাণিজ্য শনাক্তকরণ নম্বর (বিন) ব্যবহার করে বিএসডব্লিউ সিস্টেমে (ডবনংরঃব:নংহিনৎ.মড়া.নফ) নিবন্ধন করতে হবে।
এই সিস্টেম ব্যবহারের ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে যেসব সুবিধা পাওয়া যাবে, সেগুলোর মধ্যে রয়েছে একটি কমন প্ল্যাটফর্মে আমদানি-রপ্তানি পণ্যের জন্য প্রযোজ্য সার্টিফিকেট, লাইসেন্স এবং পারমিট-সংক্রান্ত সব কার্যক্রম সংশ্লিষ্ট সব সংস্থা কর্তৃক যুগপৎভাবে অনলাইনে সম্পন্ন করা হবে; সরকারি কাজে ব্যক্তিগত যোগাযোগ (হিউম্যান ইন্টারেকশন) না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে; পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সময় এবং ব্যয় হ্রাস পাবে এবং দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টির মাধ্যমে বিনিয়োগ ও বাণিজ্যের প্রসার ঘটবে।
এনবিআর কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) সিস্টেম থেকে এরই মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটের সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ১৫টি অতিক্রম করেছে। সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটগুলোর ৮৫ দশমিক ১৭ শতাংশ এক ঘণ্টার কম সময়ে এবং ১৪ দশমিক ৬৩ শতাংশ এক দিনের কম সময়ে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ইস্যু করা হয়েছে। ইতিমধ্যে সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইস্যুকারী ১৯টি সংস্থার ক্ষেত্রে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) সিস্টেমের মাধ্যমে দাখিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সংস্থাগুলো হলো ডিজিডিএ, ইপিবি, ডিওইএক্স, বিএনএসিডব্লিউসি, বেজা, বেপজা, ডিওই, বিএসটিআই, বিএইআরএ, বিএইসি, সিএএবি, বিটিআরসি, ডিওএফ, ডিএলএস, পিকিউডব্লিউ, বিডা, বিজিএমইএ, বিকেএমইএ এবং সিসিআইঅ্যান্ডই।
আজ (গতকাল) থেকে আমদানি ও রপ্তানি পণ্যচালান শুল্কায়নের ক্ষেত্রে এই ১৯টি সংস্থা কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) সিস্টেমের মাধ্যমে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। আমদানি-রপ্তানি বাণিজ্যে যুক্ত সব অংশীজনকে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) বাস্তবায়নে সহযোগিতা করার জন্য এনবিআরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।