দাউদকান্দিতে নির্মাণের সময় ভেঙে পড়ল ঘাটলা

কুমিল্লার দাউদকান্দিতে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ঘাটলা ভেঙে পড়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে জানা গেছে, আইপিসিপি প্রজেক্টের আওতায় উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার পুকুরে একটি ঘাটলার নির্মাণকাজ শুরু করে এলজিইডি। মেসার্স রাসেল আহম্মেদ মজুমদার এন্টারপ্রাইজ গত মাসে কাজটি শুরু করে। গতকাল সোমবার ঘাটলার সø্যাব এবং সিঁড়ির ধাপ ঢালাই করার সময় সাটারিং মাঝখানে ধসে পড়ে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. শাকের উল্লাহ বলেন, ‘কাজটি শুরু করার দিন ইঞ্জিনিয়ার অফিসের লোক আসছিলেন। এরপর আর কেউ আসেননি।’

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাসেল আহমেদ মজুমদারের স্বত্বাধিকারী মো. রাসেল আহমেদ বলেন, ঈদের আগে সাটারিং করা ছিল, মিস্ত্রি চেক না করে ঢালাই করায় ভেঙে পড়েছে। কাজটি আবার করা হবে।

এলজিইডির দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘প্রায় ২০ লাখ টাকার পুকুর উন্নয়ন প্রকল্পের ঘাটলা নির্মাণকাজটিতে কিছু ত্রুটি আছে বলে আমার সাইট ইঞ্জিনিয়ার (উপসহকারী প্রকৌশলী) দেখে আমাকে জানিয়েছেন। ড্রয়িং অনুযায়ী রড বাইন্ডিং করা হয়নি। ঠিকমতো রড বাইন্ডিং করে আমাদের কাছ থেকে ঢালাই করার দিন-তারিখ নিয়ে যেতে ঠিকাদারকে বলা হয়েছিল।’

কিন্তু গতকাল ঢালাই করতে গিয়ে ঘাটলা ভেঙে পড়েছে এই প্রতিবেদক তাকে জানালে এই কর্মকর্তা বলেন, ‘কী বলেন, ঢালাই করে ফেলেছে? আমরা জানি না, আবার ভেঙেও পড়েছে! আমাদের ফাঁকি দিতে গিয়ে ঠিকাদার নিজেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এখন তো আবার শিডিউল মোতাবেক কাজটি তার করে দিতে হবে। তবে অবশ্যই আমাদের তদারকি আরও বাড়ানোর দরকার ছিল।’