হেডিংলি টেস্টে রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ড দলে এখন স্বস্তির সুবাতাস। অন্যদিকে ভারতীয় দলের পরিস্থিতি ঠিক উল্টো। আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাওয়া বার্মিংহাম টেস্টে তারা কোন একাদশ নিয়ে নামবে- সেটার পরিকল্পনা চলছে। ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট ইঙ্গিত দিয়েছেন, দ্বিতীয় টেস্টের একাদশে পরিবর্তন আসছে। দুই স্পিনার নিয়ে নামবে ভারত।
সিরিজের প্রথম টেস্টে বল হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন রবীন্দ্র জাদেজা। এই অভিজ্ঞ স্পিনারের ব্যাপক সমালোচনা হচ্ছে। দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে ডেসকাট বলেছেন, ‘দুই স্পিনার খেলানোর জোরালো সম্ভাবনা আছে। শুধু কোন দুজনকে খেলানো হবে সেটা ঠিক হয়নি। ব্যাটিং গভীরতার বিষয়টি পর্যালোচনা করে সেটা ঠিক করা হবে। তবে তিন স্পিনারই অনুশীলনে খুব ভালো বোলিং করছে।’
জাদেজার ব্যর্থতায় কুলদীপ যাদবের পাশাপাশি উঠে এসেছে ওয়াশিংটন সুন্দরের নাম। কারণ তিনি ব্যাটিংটাও ভালো পারেন। তাকে নিয়ে ডেসকাট বলেছেন, ‘ওয়াশি খুব ভালো ব্যাটিং করছে। তাহলে কোন দুজনকে খেলানো উচিত? স্পিন অল-রাউন্ডার নাকি জেনুইন স্পিনার? তাছাড়া একজন বোলিং-অল-রাউন্ডারকেও খেলানোর পরিকল্পনা আছে। আমাদের হাতে এখন অনেক বিকল্প।’
আগের ম্যাচে শার্দূল ঠাকুর ব্যাট-বল কোনো সেক্টরেই দলের হয়ে অবদান রাখতে পারেননি। তাই দ্বিতীয় টেস্টে নীতিশ রেড্ডির খেলার সম্ভাবনা জোরদার হচ্ছে। ডেসকাটও সেই ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘নীতিশ ম্যাচ খেলার খুব কাছাকাছি আছে। অস্ট্রেলিয়ায় খুব ভালো খেলেছে। আমি মনে করি, আগের ম্যাচেও দলের ভারসাম্য ঠিকঠাক ছিল। শার্দূল কিছুটা এগিয়ে থাকায় তাকে খেলানো হয়েছে। আপাতত নতুন করে ভাবছি।’