ময়মনসিংহে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। নিহত ওই নারীর নাম রওশন আরা (৪২)। আত্মহত্যা করা ব্যক্তির নাম মো. রাকিব (৫০)। তিনি নগরীর সেনবাড়ী এলাকার মৃত আলতাফ উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর গুলকিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাকিব ও তার স্ত্রী রওশনের বিবাহবিচ্ছেদ হয়। এ অবস্থায় রওশন দুই মেয়েকে নিয়ে নগরীর গুলকিবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। কিন্তু বিবাহবিচ্ছেদের পর সাবেক স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন রাকিব।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাকিব তার সাবেক স্ত্রীর ভাড়া বাসায় গিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করেন। পরে একই কক্ষে গলায় ফাঁস দিয়ে তিনিও আত্মহত্যা করেন।