কুষ্টিয়ায় জাসদকর্মী হত্যায় ছাত্রদল নেতাসহ আটক ৩

কুষ্টিয়ার মিরপুরে ছাত্রদল নেতার হামলায় জমির উদ্দিন (৪৫) নামের এক জাসদকর্মী নিহত হয়েছেন। গত সোমবার উপজেলার আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের লোকজন প্রতিপক্ষের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। নিহত জমির উদ্দিন স্থানীয় মিটন গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর আগে ফুটবল খেলার মাঠে সূত্রপাত হওয়া দ্বন্দ্বের জেরে জাসদকর্মী জমির উদ্দিন ছাত্রদল নেতা অনিককে স্থানীয় একটি চায়ের দোকানে মারধর করে গুরুতর আহত করেন। সেই মারধরের প্রতিশোধ নিতেই সদ্য গঠিত আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক গত সোমবার বিকেলে হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে জমির উদ্দিনের ওপর হামলা চালায়। বেধম মারধরে জমির উদ্দিন অচেতন হয়ে পড়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে জমিরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে জমির মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, ‘হত্যাকা-ে জড়িত সন্দেহে অনিক, নাইম খান ও নাঈম আহমেদ  নামের তিনজনকে আটক করেছে পুলিশ। সেখানে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। একই সঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’