নিখোঁজ গৃহবধূর লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার

কুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর ফেরদৌসী বেগম (৪০) নামের এক গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রাম এলাকার নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফেরদৌসী সৌদি আরব প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী। এ ঘটনায় পুলিশ তার দেবর আলমগীর হোসেন (৩৫) ও প্রতিবেশী প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরদৌসী বেগম গত শুক্রবার সকাল ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন। পরে পরিবারের পক্ষ থেকে বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, প্রাথমিক তদন্ত চলছে। এ ঘটনায় আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।