সুষ্ঠু ভোটে পিআরের বিকল্প নেই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘যারা ফ্যাসিবাদ প্রতিরোধে সমর্থন ও সহযোগিতা করছে না, তারাই আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়।’ গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ‘জুলাই-আগস্ট’ গণঅভ্যুত্থানে শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে আয়োজিত দোয়া এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির কোনো বিকল্প নেই।   

 এ পদ্ধতিতে ভোট ডাকাতির সুযোগ থাকে না, তাই কেউ কেউ এটিকে ভয় পায়।’

তিনি আরও বলেন, ‘যারা নির্বাচনের আগেই ২৮০ আসন দখলের দাবি করে একক সরকার গঠনের ঘোষণা দেয়, তারাই সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করবে। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটবে।’ তাহের বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ মতপ্রকাশের স্বাধীনতা অর্জন করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির। পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এ ছাড়া বক্তব্য দেন ঢাকা-৮ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, পটুয়াখালী-২ আসনের পদপ্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও-১ আসনের পদপ্রার্থী দেলাওয়ার হোসেন এবং ঢাকা-৫ আসনের পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন।

সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদেরসহ ১৯৪৭ থেকে ২০২৪ পর্যন্ত দেশের জন্য আত্মদানকারী সব বীরের জন্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।