জামালপুরের বকশীগঞ্জে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের মামলায় বছির উদ্দিন নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরের দিকে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক আব্দুর রহিম এ আদেশ দেন।
এ সময় যাবতজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বছির উদ্দিনকে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আর এই অর্থ বাদী পাবেন বলে নির্দেশ দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত মো. বছির উদ্দিন উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামের আবুল হোসেনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো.ফজলুল হক বলেন, বছির উদ্দিনের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। গত ২০১৫ সালের ১০ জুন দুপুরে টুপকারচর এলাকায় কিশোরীর বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর কিশোরী বিয়ের কথা বলেন। এতে তিনি রাজি না হলে পরে ২৫ জুন বকশীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। সেই মামলায় ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ ও আসামিপক্ষের জেড়া শেষে এই রায় দেন বিচারক। রায়ে সন্তুষ্টি জানিয়েছে রাষ্ট্রপক্ষ।