অর্থ উপদেষ্টা বললেন

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোর পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। ইসলামি ব্যাংক এর একটি উদাহরণ, যেখানে জনগণের আস্থা ফিরছে। অন্যান্য ব্যাংকের জন্য ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে। এর প্রাথমিক শর্ত হলো, জমাকৃত অর্থ ফেরতের বিষয়ে সরকারের অঙ্গীকার। কারও টাকা হারাবে না, তবে সময় লাগতে পারে। কারণ, অনেকে টাকা নিয়ে পালিয়েছে। বিশ্বের কোনো দেশেই এমন ঘটনা অভূতপূর্ব নয়।

গতকাল শনিবার দুপুর দেড়টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সঞ্চয়পত্রের মুনাফা হার কমানো প্রসঙ্গে তিনি বলেন, মুনাফা বাড়ালে সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা জমা দেবে না। ব্যাংকগুলোর তারল্য বজায় রাখতে হবে। এই ভারসাম্য বিবেচনা করা জরুরি। সঞ্চয়পত্র বিক্রি বাড়লে ব্যাংকগুলো অর্থের উৎস কোথায় পাবে?

এনবিআরের চলমান অস্থিরতা নিয়ে তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সমস্যা সমাধানে আলোচনা চলছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়ীদের ১০-১২টি জায়গায় ছুটতে হবে না। সব ধরনের ছাড়পত্র কেন্দ্রীভূত করার চেষ্টা চলছে।

এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকসহ অন্যান্য কর্মকর্তারা।