খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গুলি

খুলনায় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত সোয়া ১টার দিকে নগরীর লবণচরা থানাধীন মুজাহিদ পাড়ায় ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম মেহেদী হাসান রোহান (২৫)। আহত অবস্থায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোহান মুজাহিদ পাড়া এলাকার বাসিন্দা।

এলাকাবাসী জানায়, রাত সোয়া ১টার দিকে তিন যুবক কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নেয় রোহানকে। পরে তাকে লক্ষ্য করে ওই যুবকরা কয়েকটি গুলি করে। একটি গুলি তার বাম পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়। লবণচরা থানার ওসি তৌহিদুজ্জামান বলেন, পুলিশের ধারণা এলাকায় মাদক বিক্রিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।