মুন্সীগঞ্জের লৌহজংয়ে দোকানের পেছনে মজুদ করা ৯০০ সিলিন্ডার এলপিজি গ্যাস উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
গতকাল শনিবার সকালে সেনাবাহিনীর ১৯ বীর, পুলিশ ও প্রশাসন উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের ঘোরদৌড় বাজার এলাকার মেসার্স শেখ এন্টারপ্রাইজে অভিযান চালায়। এ সময় গ্যাসভর্তি ৯০০ সিলিন্ডার ওই দোকানের পেছন থেকে উদ্ধার করা হয়। পরে দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-ইমরান মেসার্স শেখ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রুহুল আমিন দীপুকে (৫৪) জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-ইমরান জানান, আইন অনুযায়ী একজন দোকানি সর্বোচ্চ ৫০০ কেজি বা ৪০ বোতল এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখতে পারবেন। কিন্তু ওই ব্যবসায়ী ১০ হাজার ৮০০ কেজি অর্থাৎ ৯০০ বোতল সিলিন্ডার তার দোকানের পেছনে লোকালয়ের মধ্যে চারপাশে টিনের বেড়া দিয়ে কৌশলে মজুদ করে রাখেন। সেখানে কোনো ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা বা নিরাপত্তাব্যবস্থা ছিল না। যেখানে এগুলো মজুদ করে রাখা হয়েছিল তার পাশে একটি ওয়েল্ডিং কারখানা ছিল। কোনোভাবে যদি দুর্ঘটনা ঘটত তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত।
তিনি আরও জানান, ওই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদ- দেওয়া হয়েছে। এ ছাড়া উদ্ধার করা গ্যাসভর্তি ৯০০ সিলিন্ডারের মধ্য থেকে ৪০টি তার কাছে রেখে বাকিগুলো কোম্পানির কাছে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।