বাগেরহাটের ফকিরহাটে একটি মেটাল কারখানায় ঢুকে সশস্ত্র ডাকাত দল শ্রমিকদের বেঁধে রেখে কোটি টাকা মূল্যের সরঞ্জাম লুট করে নিয়ে গেছে। গতকাল শনিবার ভোরে বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় অবস্থিত এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে এ ঘটনা ঘটে।
কারাখানার নিরাপত্তা প্রহরীরা জানান, রাতে মুখোশ পরা ১৫-২০ জনের একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে কারখানায় প্রবেশ করে। পরে তারা ভেতরে থাকা শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর কারখানায় রাখা ১৫ টন অ্যালুমিনিয়াম বার, আড়াই টন তামার তার এবং এক টন বৈদ্যুতিক তার ও দুটি ট্রাকবোঝাই করে খুলনার দিকে চলে যায়।
হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মহাব্যবস্থাপক (অপারেশন) সিদ্দিকুর রহমান জানান, কারখানার শ্রমিকদের আটকে রেখে ১৫ টন অ্যালুুমিনিয়াম বার, আড়াই টন তামার তার এবং এক টন বৈদ্যুতিক তার লুট করে ট্রাকযোগে নিয়ে গেছে ডাকাত দল, যার বাজারমূল্য কোটি টাকার বেশি হবে।