কৃষকদল নেতার মাথা ফাটানো বিএনপি নেতাকে বহিষ্কার

কুমিল্লার দাউদকান্দিতে কৃষকদল নেতার মাথা ফাটানো সেই বিএনপি নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত মিজানুর রহমান প্রধানকে ৩ জুলাই অনুমোদিত গোয়ালমারী ইউনিয়ন বিএনপির পাঁচ সদস্যের কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছিল। শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম।

দলীয় সূত্র জানায়, দাউদকান্দি উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদারের উপর গত ৩ জুলাই সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় মিজানুর রহমান প্রধানের নামে ইন্ধন, মদদ ও নির্দেশনার অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে তাকে শুক্রবার ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় উপজেলা বিএনপি।

নোটিশের জবাব সন্তোষজনক না হওয়া, স্থানীয় তদন্তে অভিযোগের সত্যতা প্রতীয়মান হওয়া এবং  দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মিজানুর রহমান প্রধানকে গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার আওতাধীন গোয়ালমারীসহ ৯ ইউনিয়নে বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।  কমিটি ঘোষণার পর রাত আনুমানিক সাড়ে ৯টায় দাউদকান্দি উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদারের উপর কিছু সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। অনুসন্ধানে জানা যায়, এই হামলার পেছনে মিজানুর রহমান প্রধানের সরাসরি ইন্ধন ও নির্দেশ ছিল।

এছাড়া তার বিরুদ্ধে ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে মিজানুর রহমানের নামে। গোয়ালমারী গ্রামের চার পরিবারের বাসিন্দাদের ঘরছাড়া ও গোয়ালমারী বাজারে দোকানপাট বন্ধ করে দেয়ার অভিযোগসহ অসংখ্য অভিযোগ উঠেছে।

দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম বলেন, মিজানুর রহমান প্রধানের লোকজনের বিরুদ্ধে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আহমেদ হোসেন তালুকদারের উপর হামলা চালানোসহ বেশ কিছু অভিযোগ উঠেছে। এ জন্য শোকজ করেছিলাম। তিনি জবাব দিলেও সেটা গ্রহণযোগ্য না। তাই তাকে বহিষ্কার করা হয়। আর এই বহিষ্কারই প্রমান করে, কোন চাঁদাবাজ বা সন্ত্রাসের স্থান বিএনপিতে হবে না। বিএনপি কখনও কোন অন্যায়কারী বা সন্ত্রাসী কর্মকান্ডকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দিবে না।

উল্লেখ, ৪ জুলাই দেশ রূপান্তরের অনলাইন ভার্সনে ‘কাঙ্ক্ষিত পদ না পেয়ে কৃষক দল নেতার মাথা ফাটালেন বিএনপি নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।