ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঈদযাত্রায় দাউদকান্দিতে ভোগান্তির শঙ্কা

আপডেট : ২১ মে ২০২৬, ১২:৩৪ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে দীর্ঘ যানজট দেখা দিয়েছি। বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে মহাসড়কের ঢাকামুখী লেনের মেঘনা-গোমতী টোল প্লাজা থেকে দাউদকান্দির রায়পুর পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে।

কুমিল্লামুখী লেনের গৌরীপুর থেকে শহিদনগর পর্যন্ত প্রতিদিনই যানজটের কবলে পড়ে ভোগান্তিতে মহাসড়কের যাত্রীরা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে ধীরগতির কারনে প্রতিদিনই সন্ধ্যার পর থেকে ঢাকামুখী লেনে যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে তা দীর্ঘ হয়।

অন্যদিকে কুমিল্লামুখী লেনের গৌরীপুর বাসস্ট্যান্ডে এলোপাতাড়ি পার্কিং, আঞ্চলিক সড়ক থেকে যানবাহন মহাসড়কে উঠানামা, উল্টো পথে অটোরিকশা ও সিএনজি চলাচলের কারনে প্রতিদিনই এখানে যানজট লেগেই থাকে। তাই এবার ঈদযাত্রায় মহাসড়কের দাউদকান্দি অংশে ভোগান্তির আশঙ্কা করছেন এ পথে চলাচল করা যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার দেশ রূপান্তরকে বলেন, মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে ধীরগতির কারনে প্রায় রাতেই যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া দুর্ঘটনা আর বিকল হওয়াতো আছেই। আর গৌরীপুর বাসস্ট্যান্ডে কোন বাস-বে না থাকায় সড়কের উপর যাত্রী উঠানামা করা, কয়েকটি উপজেলার সংযোগ গৌরীপুর বাসস্ট্যান্ড হওয়ায় মহাসড়কে যানবাহন উঠানামা করতে গিয়ে এই যানজটের সৃষ্টি হয়।

এদিকে ঈদযাত্রা নিরাপদ করতে গত মঙ্গলবার থেকে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত