গ্লোবাল সুপার লিগে অংশ নিতে ইতোমধ্যেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে দেশ ছেড়েছে রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। এবার জানা গেল, প্রভিডেন্সের গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে আগামী ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান। তার দল দুবাই ক্যাপিটালস বিষয়টি নিশ্চিত করেছে।
নিজেদের ফেসবুক পেজে সাকিবের ছবি পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে– ‘দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের রিপ্লেসমেন্ট হিসেবে কিংবদন্তি অলরাউন্ডার (সাকিব আল হাসান) আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।’ অর্থাৎ, সব ঠিক থাকলে বিপিএলে নিজের সাবেক ফ্র্যাঞ্চাইজি রংপুরের বিপক্ষে খেলবেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। প্রতিপক্ষ হিসেবে পাবেন নুরুল হাসান সোহান, সৌম্য সরকারদের।
সূচি অনুযায়ী, ১০ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে দুবাই ক্যাপিটালস। ১৬ জুলাই খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। এই আসরে সাকিবকে রংপুরের স্কোয়াডে না রাখা প্রসঙ্গে টিম ডিরেক্টর শানিয়ান তানিম বলেছিলেন, ‘ওরকম নির্দেশনা আসেনি যে সাকিবকে নেওয়া যাবে বা যাবে না। এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাকিবকে নিলে কী প্রতিক্রিয়া হতে পারে এটা আমার জানা নেই।’
উল্লেখ্য, গত বছর পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের ৫টি দল নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল গ্লোবাল সুপার লিগ। এবারও দলসংখ্যা বাড়েনি। তাছাড়া লিগে এবারও কোনো প্লে-অফ নেই। লিগপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে খেলবে। শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে ১৮ জুলাই।