এক জয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে একধাপ এগোল বাংলাদেশ

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০১:৩৫ পিএম

একটা সময় ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী দল হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ। বিশ্বের যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারত। সেই বাংলাদেশ গত দুই বছর যেন ওয়ানডে জিততে যেন ভুলেই গিয়েছিল। র‍্যাঙ্কিংয়েও অবিশ্বাস্যভাবে ১০ নম্বরে নেমে গিয়েছিল। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে উঠে এলো টিম টাইগার।

গতকাল কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে জিতেছে বাংলাদেশ। এর আগে সর্বশেষ ৭টি ওয়ানডে ম্যাচেই জয়হীন ছিল লাল-সবুজের দল। এর মধ্যে ৬টিতে হেরেছে আর চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। গত মে মাসে আইসিসি র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ করার পর বাংলাদেশ নেমে যায় দশে।

২০১৫ সাল ছিল ওয়ানডেতে বাংলাদেশের উত্থানের বছর। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সেবারের বিশ্বকাপে ভালো করার পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাতে উঠেছিল টিম টাইগার। এরপরও বড় দলের বিপক্ষে সিরিজ জিতেছে। তবে গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই পতনের শুরু হয়।

সাকিব আল হাসানের নেতৃত্বে ২০২৩ আসর ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিতর্কিত আর ব্যর্থ বিশ্বকাপ। এরপর থেকেই দলের পারফরম্যান্সের পতনের শুরু হয়। বারবার অধিনায়ক বদলেও সেই পতন আর আটকানো যায়নি। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এই দলকে কোথায় নিয়ে যান, সেটাই দেখার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত