এ কি করলেন মুলডার, লারার রেকর্ড ভাঙ্গার চেষ্টাই করলেন না!

ব্রায়ান লারার ২০ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে দাঁড়িয়েও তা ভাঙা হলো না দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক উইয়ান মুলডারের। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে চলমান টেস্টে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে তিনি অপরাজিত ছিলেন ৩৬৭ রানে। দ্বিতীয় সেশনে আর কিছু ওভার ব্যাটিং করলেই নিজেকে নিয়ে যেতে পারতেন টেস্ট ক্রিকেটের ইতিহাসের অনন্য উচ্চতায়। 

কিন্তু অধিনায়ক মুলডার সেই পথেই হাঁটেননি। লাঞ্চ থেকে ফিরে সবাইকে অবাক করে দিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক মুলডার। ৩৬৭ রানে অপরাজিত থেকেই ইনিংস শেষ করে দেন তিনি। কেনো এই সুযোগটা নিলেন না মুল্ডার, তার একটা কারণ ব্যাখ্যা করেছেন ক্রিকিনইফোর বল বাই বল কমেন্টের মুস্তফা মৌদি, "হতে পারে মুল্ডারের মনে হয়েছিল, লাঞ্চের পরই একটা উইকেট পড়তে চলেছে। যেহেতু তিনি তখন স্ট্রাইকে ছিলেন, তাই নিজের উইকেট হারাতে চায়নি। তাই তিনি ঠিক করেছিলেন, লাঞ্চের পর প্রথম বলের উইকেটটা যেন জিম্বাবুয়ের হয়।'' সত্যি সত্যিই লাঞ্চের পর প্রথম বলেই জিম্বাবুয়ের উইকেট নেন দক্ষিণ আফ্রিকার বোলার। 

এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে ৪০০ রানের গণ্ডি পেরিয়েছেন কেবল ব্রায়ান লারা। তার ঠিক নিচেই রয়েছে ম্যাথু হেইডেনের ৩৮০। এর পর ব্রায়ান লারারই আরেকটি ইনিংস ৩৭৫ ও মাহেলা জয়াবর্ধনের ৩৭৪। টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় মুলডার এখন রয়েছেন তালিকার পঞ্চম স্থানে। হাশিম আমলার পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরিয়ান তিনি। 

মাত্র ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার এরই মধ্যে জায়গা করে নিয়েছেন টেস্ট ইতিহাসের সর্বকালের সেরা ইনিংসগুলোর তালিকায়। ৩৩৪ বলে ৪৯ চার ও ৪ ছক্কায় গড়া তার এই ইনিংস টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় ঢুকে পড়েছে প্রথম দশে। পেছনে ফেলেছেন লেন হাটনের ৩৬৪ ও সনাথ জয়সুরিয়ার ৩৪০ রানের ঐতিহাসিক ইনিংস।

ট্রিপল সেঞ্চুরিয়ানদের মধ্যে স্ট্রাইকরেটে সবার উপরে মুলডার

মুলডারের ইনিংসে রেকর্ডের ফুলঝুরি। ২৭ বছর ১৩৮ দিন বয়সে তিনিই এখন টেস্ট ইতিহাসে কনিষ্ঠতম অধিনায়ক, যিনি করেছেন ট্রিপল সেঞ্চুরি। এ ক্ষেত্রে ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ার বব সিম্পসনের করা রেকর্ডকে টপকে গেছেন তিনি।

মুলডারের রান এসেছে চোখ ধাঁধানো গতিতে, যেখানে ছিল ৪৯টি চার ও ৪টি ছক্কা। তার ইনিংসের স্ট্রাইক রেট ছিল ১০৯.৮৮ — যা সব ট্রিপল-সেঞ্চুরিয়ানের মধ্যে সর্বোচ্চ। এছাড়া, তিনি প্রথম অধিনায়ক যিনি টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন।