অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে সেমিফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের ছেলে-মেয়ে দুই দলই। সোমবার মেয়েরা তাদের শেষ ম্যাচে হংকংকে হারিয়েছে ৩-০ গোলে। এতে পুল ‘এ’ থেকে রানারআপ হয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত হয় মেয়েদের। এর আগের রবিবার নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক চীনকে ৫-২ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমি নিশ্চিত করে ফেলেন ছেলেরা।
নারী এশিয়া কাপে জাপানের কাছে ১১-০ গোলের হার দিয়ে আসর শুরু করেছিল মেয়েরা। এর পর উজবেকিস্তান ও আজ হংকংকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করেন মেয়েরা। হংকং ম্যাচে বাংলাদেশের হয়ে গোল পান আইরিন রিয়া, কনা আক্তার ও অধিনায়ক শারিকা রিমন। এই পুল থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জাপান। সেমিফাইনালে বাংলার মেয়েদের প্রতিপক্ষ স্বাগতিক চীন।
রবিবার ঘরের মাঠে চীনকে ৫-২ গোলে হারিয়ে দেন ছেলেরা। ম্যাচে ইসমাইল হোসেন করেছেন জোড়া গোল। জনি ইসলাম, বিশাল আহমেদ ও অমিত হাসান একটি করে গোল করেন। এতে টানা তিন জয়ে বাংলাদেশের পয়েন্ট হয়েছে ৯। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ আজ মুখোমুখি হবে পাকিস্তানের। টেবিলের দুই ও তিনে থাকা পাকিস্তান ও চীনের পয়েন্ট সমান ৬ করে। তবে শেষ ম্যাচে এ দুদলই মুখোমুখি হওয়ায় পুল ‘এ’ থেকে নিশ্চিত হয়ে গেছে ছেলেদের সেমিফাইনাল খেলা।