হিরু কারসাজি চক্রের তথ্য দুদকের হাতে

সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক ও আলোচিত শেয়ার ব্যবসায়ী মো. আবুল খায়ের হিরুসহ তার সহযোগীদের শেয়ার কারসাজির তথ্য-প্রমাণ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে তুলে দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মাসে বিএসইসির পক্ষ থেকে প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় বলে একটি সূত্র নিশ্চিত করেছে। দুদকের চাহিদার পরিপ্রেক্ষিতে বিএসইসি এসব তথ্য প্রেরণ করেছে।

তথ্যমতে, হিরুচক্র ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত কমপক্ষে ১২টি কোম্পানির শেয়ার কারসাজি করেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ২০৮ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, আবুল খায়ের বিনিয়োগসংক্রান্ত অভিযোগের তথ্যাদি চেয়ে বিএসইসিতে চিঠি পাঠায় দুদকের সহকারী পরিচালক (বিশেষ তদন্ত) সাজ্জাদ হোসেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে হিরুর বিরুদ্ধে অভিযোগ ও ব্যবস্থা গ্রহণের তথ্য দুদকে পাঠানো হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, আবুল খায়ের শেয়ারবাজারে বিনিয়োগসংক্রান্ত অভিযোগের বিষয়ে বিএসইসির গঠিত অনুসন্ধান ও তদন্ত কমিটির দুইটি প্রতিবেদনের মধ্যে ফরচুন সুজ লিমিটেড সংক্রান্ত প্রতিবেদনটি ইতিমধ্যে দুদকে প্রেরণ করা হয়েছে। এখন সোনালী পেপার বোর্ড মিলস লিমিটেড সংক্রান্ত প্রতিবেদনটি পাঠানো হয়েছে। এ ছাড়া আবুল খায়ের এবং তার সহযোগীরা সম্মিলিতভাবে পুঁজিবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদেনসংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে বিএসইসির এনফোর্সমেন্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সে তথ্যও দুদককে দেওয়া হয়েছে।