মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ৩৬ বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটকদের মধ্যে কয়েকজনকে মালয়েশিয়া কর্র্তৃপক্ষ ইতিমধ্যে ফেরত পাঠিয়েছে। তাদের মধ্যে কমপক্ষে তিনজন দেশে ফিরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। গতকাল সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিক তথ্যে জানা গেছে, এদের অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় ছিলেন। তিনি বলেন, ‘ওভারস্টে বা এই ধরনের কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে। তবে আমরা মালয়েশিয়া সরকারের কাছে পুরো বিষয়টির বিস্তারিত চেয়েছি।’
উপদেষ্টা আরও জানান, আটকদের একটি ক্ষুদ্র অংশের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের সন্দেহ রয়েছে। তিনি বলেন, ‘তারা যদি সত্যিই উগ্রবাদী কার্যক্রমে জড়িত থাকে, তবে আমরা মালয়েশিয়া কর্র্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করব।’ চলতি সপ্তাহে আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে আলোচনার সম্ভাবনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘এটি বৈঠকের এজেন্ডায় নেই। তবে সুযোগ পেলে আলোচনার চেষ্টা করব।’
সরকারি সূত্র জানায়, মালয়েশিয়া সরকারের সঙ্গে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ চলছে এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে এই উদ্যোগ।