ড. ইউনূসের সঙ্গে হালুক গোরগুনের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব প্রফেসর হালুক গোরগুন। গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। তবে সাক্ষাতের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

জানা গেছে, ঢাকা-আঙ্কারার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে অধ্যাপক হালুক গোরগুন ঢাকায় এসেছেন। ঢাকা সফরকালে দুদেশের প্রতিরক্ষা খাতে কেনাকাটা প্রশিক্ষণ, গবেষণা, বিনিয়োগ আলোচনা প্রাধান্য পাচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অধীনে সরাসরি কাজ করে প্রতিরক্ষা শিল্প সংস্থা (ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি-এসএসবি)। মূলত বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক বিশেষ করে প্রশিক্ষণ, গবেষণার মাধ্যমে সশস্ত্র বাহিনীর বিকাশ ও বিবর্তনের বিষয়ে এসএসবি মূল ভূমিকা রাখে।

সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সঙ্গে বৈঠক : এর আগে সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করেন হালুক গোরগুন। এ সময় তিনি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন। সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব অধ্যাপক হালুক গোরগুন সেনা সদরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক কুশলবিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

অধ্যাপক হালুক গোরগুন বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তা প্রদানের আশ্বাস দেন। সেনাপ্রধান তুরস্কের সহযোগিতায় দেশে বিভিন্ন আধুনিক যুদ্ধসরঞ্জাম তৈরি এবং প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব অধ্যাপক হালুক গোরগুন গতকাল এক দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন। প্রধান উপদেষ্টা সেনাপ্রধান ছাড়াও তিনি নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গেও বৈঠক করেন।