মুন্সীগঞ্জে পঞ্চসারে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখার পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. জিহাদ (২২)। আজ বুধবার বিকেলে পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে সমুদয় গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। তিনি গ্রামের দীল মোহাম্মদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ জানান, বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম নয়াগাঁও পূর্বপাড়া গ্রামের দীল মোহাম্মদের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির উঠান থেকে তার ছেলে জিহাদকে আটক করলে তার দেওয়া তথ্য মতে গাঁজা উদ্ধারে সক্ষম হন। গ্রেপ্তারকৃত তরুণের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।