ছাত্রকে অপহরণের পর পিটিয়ে ফেরত দিল কিশোর গ্যাং

গাজীপুরের শ্রীপুরে দিন-দুপুরে পিস্তল ঠেকিয়ে এক স্কুলছাত্রকে তুলে নেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। গত মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের হাজী প্রি-ক্যাডেট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় চলে আসে। অপহরণকারীরা ওই ছাত্রকে মারধর করে দুই ঘণ্টা পর তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

এদিকে পুলিশ বলছে, স্কুলছাত্রকে তুলে নেওয়ায় ব্যবহৃত অস্ত্র খেলনা পিস্তল ছিল। রাতেই সেই খেলনা পিস্তল জব্দ করা হয়েছে।

জানা গেছে, স্কুল ছুটির পর অষ্টম শ্রেণির ছাত্র ফেরদৌস আহমেদকে (১৪) অস্ত্রের মুখে তুলে নেয় এলাকার সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের প্রধান কাউসার আহাম্মেদ। এ সময় কিশোর গ্যাংয়ের আরও চার সদস্য উপস্থিত ছিল। ভুক্তভোগী স্কুলছাত্র ফেরদৌস আহমেদ উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। অভিযুক্ত অস্ত্রধারী কাউসার উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে।

হাজী প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আলমগীর হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের ডাক-চিৎকার শুনে আমরা বাইরে গিয়ে এমন দৃশ্য দেখতে পাই। আমরা আমাদের শিক্ষার্থীকে রক্ষার জন্য চেষ্টা করি। কিন্তু অস্ত্রধারীরা বেশ কয়েকবার গুলি করার চেষ্টা করে। এরপর আমরা ভয়ে পিছু হটি।’

শ্রীপুর মডেল থানার ওসি আবদুল বারিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘স্কুলছাত্রকে তুলে নিতে ব্যবহৃত অস্ত্রটি খেলনা পিস্তল। বিষয়টি নজরে এলে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত কাউসারকে গ্রেপ্তার করা হয়। সেই খেলনা পিস্তলটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। স্কুলছাত্রকে তুলে নেওয়ার দুই ঘণ্টা পর মারধর করে তাকে ফেরত দেয় সংশ্লিষ্টরা। এ ঘটনায় অভিযুক্ত অন্য কিশোরদের গ্রেপ্তারে অভিযান চলছে।’