খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদ্য অপসারিত বিতর্কিত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার অফিসের ভেতরে গোপন কক্ষ থেকে প্রায় ৮ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার হয়েছে। তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দুদিনের ব্যবধানে গতকাল বুধবার দুপুরে এ চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় শুরু হয়।
পার্বত্য জেলা পরিষদের দুজন সদস্য জানান, জনৈক কর্মচারী তালা খুলে কক্ষের কেবিনেট থেকে টাকা উদ্ধার করে নতুন চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাকে অবহিত করেন। পরে পরিষদ চেয়ারম্যান, কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে টাকাগুলো জব্দ করা হয়। এ বিষয়ে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ জানান, পরিষদ চেয়ারম্যান খাস কামরায় বিপুল পরিমাণ টাকা রাখার কোনো সুযোগ নেই। তবে এসব অর্থের উৎস সম্পর্কে কিছুই জানা যায়নি। ওসি আব্দুল বাতেন মৃধা জানান, টাকাগুলো আপাতত থানা হেফাজতে থাকবে।